• জাতীয়
  • নিরাপত্তায় কোনও শঙ্কা নেই, উৎসবমুখর ভোট হবে: ঢাকা জেলা প্রশাসক

নিরাপত্তায় কোনও শঙ্কা নেই, উৎসবমুখর ভোট হবে: ঢাকা জেলা প্রশাসক

জাতীয় ১ মিনিট পড়া
নিরাপত্তায় কোনও শঙ্কা নেই, উৎসবমুখর ভোট হবে: ঢাকা জেলা প্রশাসক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা জেলার ৫টি সংসদীয় আসনে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশের নিশ্চয়তা দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার রেজাউল করিম।

তিনি জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং নির্বাচনি অনিয়ম দমনে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

রিটার্নিং অফিসার জানান, ঢাকা-১, ২, ৩, ১৯ এবং ২০ —এই ৫টি আসনে মোট ৮৭৩টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আটটি পর্যন্ত ক্যামেরা থাকবে। তিনি সতর্ক করে বলেন, “কেন্দ্রে কী হচ্ছে তার প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হবে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে ভিডিও ফুটেজ দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ ঝামেলার চিন্তা করলে পার পাবে না— সবার কাছে এই বার্তাই দিতে চাই।”

নির্বাচনি প্রচারণায় আসা অভিযোগ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “পোস্টার ছেঁড়া বা একে অপরের বিরুদ্ধে কটূক্তির কিছু অভিযোগ এসেছে। আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ইনকুয়েরি কমিটির মাধ্যমে আইনগত ব্যবস্থা নিয়েছি।” তিনি জানান, পর্দার আড়ালে অনেক কাজ হচ্ছে যা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং বড় কোনও বিশৃঙ্খলার গোয়েন্দা তথ্য নেই।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই ৫টি আসনে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

ঢাকা জেলা প্রশাসক বলেন, “নির্বাচন পরিচালনা করা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমরা ২৪ ঘণ্টা কাজ করছি এবং ভোটারদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করছি। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, সেই আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই ৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tags: নিরাপত্তায় কোনও শঙ্কা নেই উৎসবমুখর ভোট হবে: ঢাকা জেলা প্রশাসক