বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-০১ (সদর) আসনের বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, "একটি দল ক্ষমতায় গেলে দেশ জঙ্গিবাদে পরিণত হবে। বিশ্ব এদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। দেশকে ধর্মান্ধ রাষ্ট্রের দিকে ঠেলে দেবে"। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদীর কাউরিয়া পাড়া ঈদগাঁহ মাঠে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, "একটি দল ধানের শীষের জোয়ার দেখে দিশেহারা, বেসামাল উন্মাদ হয়ে পড়েছে। তাদের কাছে দেশ, জাতি, স্বাধীনতা নিরাপদ নয়। তারা ধর্মের নামে মানুষের সাথে প্রতারণা, মুনাফেকি করছে।
খায়রুল কবির খোকন বলেন, তারা স্বাধীনতা বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না। তারা জাতীয় স্মৃতি সৌধে যায় না, জাতীয় সংগীত গায় না। তাদের একাত্তর সালে এদেশের মানুষ দেখেছে।
নির্বাচনী জনসভা শেষে ধানের শীষের ভোট চেয়ে একটি বিশাল মিছিল কাউরিয়া পাড়া ঈদগাঁ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় নরসিংদী জেলা, নরসিংদী সদর উপজেলা বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।