• জাতীয়
  • বিমা খাতকে কার্যকর-স্বচ্ছ করতে ডিজিটাল সংস্কার জরুরি: গভর্নর

বিমা খাতকে কার্যকর-স্বচ্ছ করতে ডিজিটাল সংস্কার জরুরি: গভর্নর

জাতীয় ১ মিনিট পড়া
বিমা খাতকে কার্যকর-স্বচ্ছ করতে ডিজিটাল সংস্কার জরুরি: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুশাসন কার্যকরভাবে বাস্তবায়ন না করলে বিমা খাত থেকে ভালো ফল আশা করা যাবে না।

তিনি বলেন, ‘‘বিনিয়োগ, হিসাব-নিকাশ ও প্রিমিয়াম সংগ্রহ করা হয়েছে। কিন্তু গ্রাহকের দায়বদ্ধতা পূরণ করতে তহবিল অপর্যাপ্ত হলে সমস্যা তৈরি হয়।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিআইএম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন ওয়েবসাইট ও ডিজিটাল বিমা ম্যানুয়াল উন্মোচন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমা অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাজী সাখাওয়াত হোসেন লিন্টু এবং বাংলাদেশ বিমা ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।

গভর্নর মনসুর আরও বলেন, “নিয়ন্ত্রক সংস্থা, বিমাকারী ও সংশ্লিষ্ট সবার দায়িত্ববোধ থাকা অত্যন্ত জরুরি। বাজার নিজস্ব গতিতে এগোতে পারে, কিন্তু আমরা এটিকে স্বাধীনভাবে হতে দিই না। বিমাকারীদের নগদবিহীন লেনদেনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য আমরা গাইডলাইন তৈরি করব এবং ব্যাংকের মাধ্যমে প্রিমিয়াম সংগ্রহকে সহজতর করা হবে।”

তিনি উল্লেখ করেন, “বিমা খাতের সম্প্রসারণ দেশের মোট জিডিপির জন্য গুরুত্বপূর্ণ। বাজার সম্প্রসারণ না হলে দেশের অর্থনীতি সীমিত থাকবে। সরকারের পাশাপাশি বাজারকেও পণ্য উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম বলেন, “ডিজিটাল বিমা ম্যানুয়াল তৈরি করা হয়েছে যাতে সকল আইন, বিধি-নিয়ম ও প্রক্রিয়া সহজে অনুসরণযোগ্য হয়। এটি ই-বুক, HTML এবং PDF ফরম্যাটে উপলব্ধ। ডিজিটাল, প্রশাসনিক ও আইনগত সংস্কারের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে বিমা খাত উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে।”

বিমা খাতের বর্তমান চ্যালেঞ্জ এবং সংস্কারের গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথিরা বলেন, “ডিজিটাল বিমা ম্যানুয়াল ব্যবসা পরিচালনায় সকলের জন্য সহায়ক হবে এবং তহবিলের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Tags: গভর্নর করতে কার্যকর বিমা খাত স্বচ্ছ ডিজিটাল সংস্কার জরুরি