এমন পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আইনশৃঙ্খলা মনিটরিং সেলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “রাজনীতিতে বর্তমানে অর্থ, পেশিশক্তি, ধর্ম, পুরুষতান্ত্রিকতা এবং সংখ্যাগরিষ্ঠতার প্রভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। এই অবস্থায় প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের ভোটাধিকার সঠিকভাবে চর্চা করতে পারবেন কি না, তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। আমরা টিআইবি’র পক্ষ থেকে এই উদ্বেগের কথা ইসি’র আইনশৃঙ্খলা মনিটরিং সেলকে জানিয়েছি।” তিনি জানান, সেলের প্রধান ও কমিশনার সানাউল্লাহ এই তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, “এটি অনেকটা মাথাব্যথায় মাথা কেটে ফেলার মতো সিদ্ধান্ত। আমরা এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছি। স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে প্রযুক্তির ব্যবহার বন্ধ না করে বরং এর অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।”