• রাজনীতি
  • সিরাজগঞ্জে বিএনপির নিরঙ্কুশ জয়ে বড় ভূমিকা বাচ্চুর

সিরাজগঞ্জে বিএনপির নিরঙ্কুশ জয়ে বড় ভূমিকা বাচ্চুর

রাজনীতি ১ মিনিট পড়া
সিরাজগঞ্জে বিএনপির নিরঙ্কুশ জয়ে বড় ভূমিকা বাচ্চুর

সিরাজগঞ্জের সংসদীয় ৬টি আসনের মধ্যে ৫টিতে জয়লাভ করেছে বিএনপি। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু দলীয় কোন্দল নিরসনে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, মিছিল ও সমাবেশসহ দলীয় কর্মীদের উজ্জীবিত রাখতে নানা দিকনির্দেশনাসহ নিজে দিনরাত মাঠে থেকেছেন।

সঠিকভাবে নির্বাচনী দায়িত্ব পালন করায় জেলার ৬টি আসনে সরাসরি ভোটে সবকটিতেই প্রাথমিকভাবে বিএনপি জয়লাভ করে। তবে সিরাজগঞ্জ-৪ আসনটিতে পোস্টাল ব্যালটে জামায়াত এগিয়ে থাকায় আসনটি শেষ পর্যন্ত জামায়াত জিতে যায়।

নির্বাচনে সিরাজগঞ্জ-১ (সদরের ৪টি ইউনিয়ন ও কাজিপুর উপজেলা) বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহিনুর আলম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট। দুজনের ভোটের ব্যবধান মাত্র ৭ হাজার ৭৯৮টি।

সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট পেয়েছেন। তাদের দুজনের ভোটের ব্যবধান ৩৮ হাজার ৭৮১।

সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ৫৭ হাজার ৬২৮।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী ভোটকেন্দ্রে প্রাপ্ত ফলাফলে ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট পান। আর জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট পান। এতে বিএনপি প্রার্থী ৭৬৫ ভোটে এগিয়ে থাকেন। কিন্তু পোস্টাল ব্যালটে জামায়াত প্রার্থী ভোট পান ২১৭৯টি। আর বিএনপি প্রার্থী ভোট পান ৮২০টি। এতে জামায়াত প্রার্থীর ভোট দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ৮৭২টি আর বিএনপির ভোট দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ২৭৮টি ভোট। এ ফলাফলে জামায়াত ৫৯৪ ভোট বেশি পায়। এতে জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বিজয় লাভ করেন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ২৮ হাজার ১৮৪।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ মুহিত বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মুস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮৮৪ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ৬৭ হাজার ৬২৪টি।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, নির্বাচন পরিচালনা কমিটি গঠনের পর দৃঢ়তার সঙ্গে বলেছিলাম সিরাজগঞ্জের ৬টি আসনই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব। ইনশাআল্লাহ, সঠিকভাবে দায়িত্ব পালন করে ৫টি আসন উপহার দিতে সক্ষম হয়েছি। আর একটিতে সরাসরি ভোটে বিএনপি জিতেছে কিন্তু পোস্টাল ব্যালটে হেরে গেছে। আমি মনে করি, ওই আসনেও আমাদের সফলতা শতভাগ।

Tags: বিএনপি সিরাজগঞ্জ ভূমিকা নিরঙ্কুশ জয়ে বাচ্চু