• দেশজুড়ে
  • চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: মিনু

চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: মিনু

দেশজুড়ে ১ মিনিট পড়া
চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: মিনু

কঠোর হাতে চাঁদাবাজদের দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু।

তিনি বলেছেন, আমি এই শহরে জন্ম নিয়েছি। আমি জানি, কারা কী করে বা না করে এখানে। এসব কঠোর হস্তে দমন করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায়ের পর রাজশাহীর হযরত শাহমখদুম (র.) দরগা মসজিদে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, জায়গা-জমি দখলবাজরা জাতির শত্রু, ভূমিদস্যু, যারা চাঁদাবাজ, যারা জনগণের ওপর জুলুম করবে-সে যেই হোক না কেন; তাদের কঠোর হস্তে দমন করা হবে। যারা বিভিন্ন জায়গা-জমি দখল করেছেন, তাদের আইনের আওতায় আনা হবে।

মিনু আরও বলেন, রাজশাহীকে শান্তির শহর হিসেবে গড়ে তোলা হবে। যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা সবাই আমার ভাই। আমি চাই, সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব।

এ সময় মিজানুর রহমান মিনুর প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিউল হক রানা, রাজশাহী বারের সভাপতি অ্যাড. আবুল কাসেম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট উপস্থিত ছিলেন।

Tags: চাঁদাবাজি কঠোর দমন মিনু