• জাতীয়
  • যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

জাতীয় ১ মিনিট পড়া
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীতে দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহআলম (৩৩) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ সময় দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি ব্যাগের ভেতর থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী পকেট গেটে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান জানান, সকাল থেকে কুতুবখালী পকেট গেট এলাকায় মোবাইল ডিউটিতে ছিলেন চার থেকে পাঁচজন পুলিশ সদস্য। এ সময় চারজন যুবক দুটি ব্যাগ হাতে নিয়ে পকেট গেট অতিক্রম করছিলেন। সন্দেহ হলে কনস্টেবল শাহআলম তাদের ব্যাগ তল্লাশি করতে গেলে এক যুবক কোমর থেকে ছুরি বের করে শাহআলমের কপালের বাম পাশে আঘাত করেন।

তিনি জানান, ঘটনার পর দুর্বৃত্তরা দৌড়ে পালানোর সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

পরে ঘটনাস্থলে পড়ে থাকা ব্যাগ থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ককটেল বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে। আহত কনস্টেবল শাহআলমকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি যাত্রাবাড়ী থানার কর্মরত। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শাহআলমের কপালের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মাথার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং চিকিৎসা চলমান রয়েছে।

এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোবাইল ডিউটিতে থাকাকালীন পুলিশ সদস্য সন্দেহ হওয়ায় কয়েকজন যুবককে তল্লাশিকালে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হয়েছেন।

এ সময় দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

Tags: দুর্বৃত্ত যাত্রাবাড়ী ছুরিকাঘাত পুলিশ সদস্য আহত