• দেশজুড়ে
  • মানুষের পাশে থাকাই বিএনপির রাজনীতি: ডা. শাহাদাত

মানুষের পাশে থাকাই বিএনপির রাজনীতি: ডা. শাহাদাত

দেশজুড়ে ১ মিনিট পড়া
মানুষের পাশে থাকাই বিএনপির রাজনীতি: ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, রোজা হচ্ছে সম্প্রীতির মাস, ভালোবাসার মাস।

একে অপরকে সহযোগিতা করার মাস। রাজনীতিতে এ গুণাবলি আমাদের আনতে হবে। শুধু রোজার মাসে হলে হবে না সারাবছরই আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।

মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষের সুখে দুঃখে পাশে থাকাই বিএনপির আগামী দিনের রাজনীতি, তারেক রহমানের রাজনীতি। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নগরের আলকরনের একটি কমিউনিটি সেন্টারে পবিত্র রমজান উপলক্ষে কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রথম রোজা থেকে শুরু করে মোট এক হাজার ৬০০ অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সবাইকে সহনশীল হতে হবে। একে অপরকে সম্মান দিতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। কারণ এটাই বিএনপির রাজনীতি এবং এর মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন আনতে হবে।

Tags: মানুষ বিএনপির রাজনীতি ডা. শাহাদাত