• বিনোদন
  • ‘কান্তারা’ বিতর্কে আইনি গ্যাঁড়াকলে রণবীর সিং, মামলা বাতিলের আবেদনে হাইকোর্টে অভিনেতা

‘কান্তারা’ বিতর্কে আইনি গ্যাঁড়াকলে রণবীর সিং, মামলা বাতিলের আবেদনে হাইকোর্টে অভিনেতা

কর্নাটকের পবিত্র ‘চাভুন্ডি দৈব’-কে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে এফআইআর দায়ের হয়েছে বলিউড অভিনেতার বিরুদ্ধে।

বিনোদন ১ মিনিট পড়া
‘কান্তারা’ বিতর্কে আইনি গ্যাঁড়াকলে রণবীর সিং, মামলা বাতিলের আবেদনে হাইকোর্টে অভিনেতা

ভারতের কর্নাটকের পবিত্র ধর্মীয় ঐতিহ্য ও ‘কান্তারা-২’ সিনেমা নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলাটি বাতিলের আবেদন নিয়ে এবার কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বর্তমানে বিষয়টি উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।

বলিউড তারকা রণবীর সিংয়ের বিরুদ্ধে কর্নাটকের স্থানীয় দৈব ঐতিহ্যকে অবমাননার অভিযোগ উঠেছে। গত বছর গোয়ায় অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ (ইফি)-এর সমাপনী অনুষ্ঠানে তার একটি পারফরম্যান্স এবং মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত।

বিতর্কের নেপথ্যে কী ছিল? অভিযোগ অনুযায়ী, রণবীর সিং ওই অনুষ্ঠানে কর্নাটকের পবিত্র পঞ্জুরলি ও গুলিগা দৈবের অভিব্যক্তি নকল করেন। সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে ‘চাভুন্ডি দৈব’-কে নিয়ে করা তার একটি মন্তব্য। অভিযোগকারী আইনজীবী প্রশান্ত মেথালের দাবি, রণবীর পবিত্র এই দৈব সত্তাকে “মেয়ে ভূত” বলে কটাক্ষ করেছেন। উপকূলীয় কর্নাটকে চাভুন্ডি দৈবকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেবীশক্তির প্রতীক ও রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়। তাকে ‘ভূত’ হিসেবে আখ্যা দেওয়াকে ভক্তদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হিসেবে দেখা হচ্ছে।

আইনি পদক্ষেপ ও এফআইআর ঘটনার পর গত ২৭ ডিসেম্বর রণবীরের বিরুদ্ধে আদালতে একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। আদালতের নির্দেশে চলতি বছরের জানুয়ারিতে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ২৯৯ এবং ৩০২ ধারায় অভিনেতার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়।

হাইকোর্টের দ্বারস্থ রণবীর এই আইনি জটিলতা থেকে নিষ্কৃতি পেতে এবং নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের দাবিতে কর্নাটক হাইকোর্টে আবেদন করেছেন রণবীর সিং। জানা গেছে, আগামী ৮ এপ্রিল বেঙ্গালুরুর নিম্ন আদালতে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। তার আগেই উচ্চ আদালত থেকে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন এই অভিনেতা।

উল্লেখ্য, ঋষভ শেঠির ‘কান্তারা’ সিনেমাটি মুক্তির পর থেকেই কর্নাটকের এই লোকজ সংস্কৃতি বিশ্বব্যাপী পরিচিতি পায়। বর্তমানে সিনেমাটির দ্বিতীয় কিস্তি বা প্রিকুয়েল তৈরির কাজ চলছে, যার সঙ্গে জড়িয়েই রণবীর এই বিতর্কে জড়ালেন।

Tags: ranveer singh bollywood controversy religious sentiment fir kantara 2 karnataka high court south indian culture