বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন তার ক্যারিয়ারে আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন। সম্প্রতি কেরালার কোচিতে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয় ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ। সেখানে তেলেগু ব্লকবাস্টার সিনেমা ‘কলকি ২৮৯৮ এডি’-তে অশ্বত্থামা চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) বিভাগে পুরস্কার জয় করেন তিনি।
দক্ষিণে অমিতাভ বচ্চনের প্রথম বাজিমাত বলিউড সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, অমিতাভ বচ্চনের সুদীর্ঘ অভিনয় জীবনে এটিই প্রথম সাউথ ফিল্মফেয়ার পুরস্কার। ২০২৪ সালের ২৭ জুন মুক্তি পাওয়া ‘কলকি ২৮৯৮ এডি’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি টাকার বেশি আয় করে। সিনেমাটিতে অশ্বত্থামা হিসেবে অমিতাভের লার্জার দ্যান লাইফ উপস্থিতি দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল। তবে ব্যক্তিগত কারণে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি এই কিংবদন্তি অভিনেতা।
পুষ্পা ২ ও আমরণ-এর আধিপত্য এবারের পুরস্কার অনুষ্ঠানে তেলেগু বিভাগে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’। সিনেমাটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। সেরা অভিনেতার মুকুট উঠে আইকন স্টার অল্লু অর্জুনের মাথায় এবং সুকুমার পান সেরা পরিচালকের সম্মান।
অন্যদিকে, তামিল বিভাগে রাজত্ব করেছে ‘আমরণ’। সিনেমাটি মোট সাতটি বিভাগে পুরস্কার জয় করেছে। শিভাকার্থিকেয়ন সেরা অভিনেতা এবং সাই পল্লবী সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন। এছাড়া মালয়ালম বিভাগে ‘ব্রাহ্মাগাম’ সিনেমায় অভিনয়ের জন্য কিংবদন্তি অভিনেতা মামুর্থি সেরা অভিনেতার পুরস্কার পান।
আজীবন সম্মাননা এবারের আসরে বিশেষ সম্মাননা হিসেবে প্রয়াত অভিনেতা ও পরিচালক শ্রীনিবেশনকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ বা আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। দক্ষিণী সিনেমার এই মিলনমেলায় ভারতের চার ভাষার চলচ্চিত্র জগতের তারকারা উপস্থিত ছিলেন।