দীর্ঘদিনের গুঞ্জন ও লুকোছাপা শেষে অবশেষে চার হাত এক হতে যাচ্ছে রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডার। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে তাদের বিয়ের মূল অনুষ্ঠান আয়োজিত হবে। তবে এই বিয়কে কেন্দ্র করে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা বলিপাড়ার অনেক বড় আয়োজনকেও হার মানাবে।
আন্তর্জাতিক সংস্থার হাতে নিরাপত্তার দায়িত্ব সূত্রের খবর অনুযায়ী, বিয়ের ভেন্যুর নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক মানের নিরাপত্তা সংস্থাকে নিয়োগ দেওয়া হয়েছে। রাজস্থানের স্থানীয় পুলিশের সহায়তায় এই সংস্থাটি পুরো এলাকা জুড়ে বহুমুখী নিরাপত্তাবলয় তৈরি করবে। মূলত বিয়ের গোপনীয়তা রক্ষা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিথিদের জন্য থাকছে বিশেষ বিধিনিষেধ রাশমিকা ও বিজয় তাদের জীবনের এই বিশেষ মুহূর্তটিকে একান্ত ব্যক্তিগত রাখতে চান। তাই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জন্য বেশ কিছু কড়া নিয়ম জারি করা হয়েছে। অনুষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া বিয়েতে যুক্ত লজিস্টিক টিম এবং ফটোগ্রাফারদের সঙ্গে ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ বা গোপনীয়তা চুক্তি স্বাক্ষর করা হয়েছে, যাতে কোনো ছবি বা ভিডিও অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস না হয়।
শুরু হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি থেকেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৬ ফেব্রুয়ারি মূল বিবাহ সম্পন্ন হওয়ার আগে দুই পরিবারের ঐতিহ্য মেনে পৃথকভাবে প্রাক-বিবাহ আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। একটি অনুষ্ঠান হয়েছে রাশমিকার বাড়িতে এবং অন্যটি আয়োজন করেছিল বিজয়ের পরিবার। দুই সংস্কৃতির মেলবন্ধনেই এই রাজকীয় বিয়ের আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে অনেকবার তাদের বিয়ের খবর চাউর হলেও রাশমিকা সরাসরি তা অস্বীকার করেছিলেন। তবে এবার নির্দিষ্ট তারিখ এবং আয়োজনের বিস্তারিত তথ্য প্রকাশ পাওয়ায় ভক্তদের মাঝে বইছে আনন্দের জোয়ার।