বরিশালে বিএনপির দলীয় একটি কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মারধর ও দলীয় অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালতে আত্মসমর্পণ হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম শরীয়তউল্লাহ এ জামিন মঞ্জুর করেন। ২০২৪ সালের ১১ নভেম্বর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বরিশাল মহানগর বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেছিলেন সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ছরোয়ার হোসেন। ২০১৭ সালের ৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির একটি দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল সদর রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মামলার প্রধান আসামি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ উল্লেখযোগ্য আসামি হলেন- বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার এবং সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দুই ভাই সেরনিয়াবাত মইনউদ্দীন আব্দুল্লাহ এবং আশিক আব্দুল্লাহ।
মামলার বর্ণনায় উল্লেখ করা হয়- আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী রামদা, জিআই পাইপ, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালান।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওবায়দুল্লাহ সাজু বলেন, মামলার আসামি অ্যাডভোকেট বলরাম পোদ্দার আগেই জামিনে মুক্ত ছিলেন। এ ছাড়া তালুকদার মো. ইউনুসকে আসামি করা হলেও তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না। আদালতে আইনি ব্যাখ্যা উপস্থাপনের পর বিচারক জামিন মঞ্জুর করেন। ইউনুসের বিরুদ্ধে অন্য একটি মামলা বর্তমানে পুলিশ তদন্ত করছে। সেই মামলায় আদালতে অভিযোগ দাখিলের আগ পর্যন্ত গ্রেফতার না করা নির্দেশ দিয়েছে আদালত।
আইনজীবী হাফিজ আহমেদ বাবলু বলেন, একটি গুরুত্বপূর্ণ মামলায় কীভাবে তিনি জামিন পেয়েছেন, সে বিষয় দেখা উচিত। তার নামে কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে। সেগুলো চলমান থাকলেও আদালতে অন্য মামলায় তাকে আটক দেখায়নি।
জানা গেছে, গত ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি আত্মগোপনে চলে যান। ওই সময় তাঁর বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। তালুকদার মো. ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিও ছিলেন। সংসদ সদস্য থাকাকালীন সময়েও তিনি নিয়মিত মামলা পরিচালনা করতেন। ২০০৮ সালে বরিশাল ১ এবং ২০১৪ সালে বরিশাল ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তালুকদার মো. ইউনুস।