বিস্ফোরণে ভবনের নিচতলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গুরুতর দগ্ধ দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে একটি তিনতলা আবাসিক ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মনোয়ারা বেগম (৬০), জিয়াউল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও দুই বছর বয়সী শিশু হুররাম। গুরুতর আহত অবস্থায় সকাল ৬টার দিকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে জিয়াউল হকের শরীরের ৫৪ শতাংশ এবং উম্মে হুমায়রার ৬৫ শতাংশ পুড়ে গেছে।
তাদের অবস্থা আশঙ্কাজনক। মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক এরশাদ হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে লোহার জানালা ও দেয়াল ভেঙে যায় এবং ভবনের নিচতলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
তবে ভবনের অন্য বাসিন্দারা নিরাপদে রয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।