মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ২ নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।হামলায় আহতরা হলেন, উল্লাস খা (৩২), সপ্না খাতুন (২৭) ও সিমা খাতুন (২৮)। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বিপ্লব খা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহেশপুর গ্রামের জিয়া ব্রিকসের মালিক জিয়ারুল শেখের সাথে একই গ্রামের আবুল খা এর ইট ভাটার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে রবিবার বিকেলে আবুল খার ছেলে উল্লাসের জিয়ারুল শেখ সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় জিয়া শেখের নেতৃত্বে তার ভাই জামাল শেখ ও ছেলে শামীম, অনিক, জাকির, মামুন মুন্সিসহ ২৫ থেকে ৩০ জন উল্লাস খার বাড়িতে গিয়ে বেধড়ক মারপিট করে। এ সময় সপ্না খাতুন ও সিমা খাতুন তাদের বাঁধা দিতে এগিয়ে আসলে তাদের দুজনকে ও বেধড়ক মারধর করা হয়।
এ ব্যাপারে আজাদ খা বলেন, বিগত আওয়ামী লীগের আমল থেকে জিয়া আমাদের প্রায় ৪ একর জমি দখল করে নিয়েছে। কিছু বলতে গেলেই আমাদের মারধর করে। আমরা ভয়ে জমি চাষবাদ করতে পারছি না৷ আজকের হামলার ঘটনাও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে। এ ব্যাপারে কথা বলাতে জিয়া ও তার লোকজন আমাদের বাড়িতে ঢুকে আমার ভাই উল্লাস এবং বাড়ির দুই বউকে মারধর করে। তার ভয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি।
এ ব্যাপারে অভিযুক্ত জিয়ারুল শেখ বলেন, বিপ্লব আমার সাথে কথা বলছিল তার একপর্যায়ে উল্লাস এসে ইট দিয়ে আমার মাথায় মারতে যায়৷ পরে এ নিয়ে আমার ছেলেদের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়ছে। কোন মারামারি হয়নি। ওরাই ষড়যন্ত্রমূলক আমাকে মারতে এসেছিল। আমি ওদের কাছে যে জমিগুলো পাবো ওরা দেয়না৷ আমি স্থানীয় মাতুব্বরদের কাছে বলেছি। কিন্তু কোন সমাধান হয়নি।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।