• খেলা
  • বিসিএল ম্যাচে দর্শক বিতর্ক, ক্ষুব্ধ মিঠুন

বিসিএল ম্যাচে দর্শক বিতর্ক, ক্ষুব্ধ মিঠুন

খেলা ১ মিনিট পড়া
বিসিএল ম্যাচে দর্শক বিতর্ক, ক্ষুব্ধ মিঠুন

রাজশাহীতে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটেছে মোহাম্মদ মিঠুনকে কেন্দ্র করে।

দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের লড়াই চলাকালে গ্যালারি থেকে আসা স্লোগানে ক্ষুব্ধ হয়ে কিছু সময়ের জন্য খেলা থামিয়ে দর্শকদের দিকে এগিয়ে যান তিনি।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচের এক পর্যায়ে গ্যালারি থেকে মিঠুনকে উদ্দেশ করে ‘দালাল-দালাল’ স্লোগান ভেসে আসে। এতে স্পষ্টতই বিরক্ত হন এই ডানহাতি ব্যাটার।

ব্যাটিংয়ের মাঝেই সীমানা দড়ি পার হয়ে গ্যালারির কাছে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই অবশ্য তিনি হাসিমুখে আবার মাঠে ফিরে আসেন এবং খেলা চালিয়ে যান। উল্লেখ্য, সাম্প্রতিক বিপিএলেও কয়েকজন ক্রিকেটার দর্শকদের একই ধরনের স্লোগানের মুখে পড়েছিলেন। সেই ঘটনার পেছনে ছিল বিপিএলের আলোচিত ম্যাচ বয়কট ইস্যু।

ক্রিকেটারদের আর্থিক দাবি-দাওয়ার প্রসঙ্গে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। পরবর্তীতে তাকে শোকজ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও পরে আবারও পদে বহাল রাখা হয়। সেই প্রেক্ষাপট থেকেই মাঠে এমন প্রতিক্রিয়া আসছে বলে ধারণা করা হচ্ছে। মাঠের ঘটনাপ্রবাহের বাইরে ব্যাট হাতে অবশ্য দারুণ লড়াই করেছেন মিঠুন।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল ৩০.৫ ওভারে ১৪৪ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন মিঠুন।

Tags: বিসিএল ম্যাচে দর্শক বিতর্ক ক্ষুব্ধ মিঠুন