• খেলা
  • আজকের ফল হজম করা কঠিন: কাবরেরা

আজকের ফল হজম করা কঠিন: কাবরেরা

খেলা ১ মিনিট পড়া
আজকের ফল হজম করা কঠিন: কাবরেরা

এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচেও হারতে হয়েছে বাংলাদেশকে। লড়াই করে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে হামজা চৌধুরীরা।

ম্যাচ শেষে দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, এই হার মেনে নেওয়া কঠিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আজকের ফলাফল মেনে নেওয়া বা হজম করা খুবই কঠিন, কারণ সম্ভবত পুরো গ্রুপ পর্বে এটিই ছিল আমাদের সেরা পারফরম্যান্স। আমি নিশ্চিতভাবে মনে করি, দলটি আজ জয় অথবা অন্তত এক পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল। আমি খেলোয়াড়দের নিয়ে অত্যন্ত গর্বিত। পুরো ম্যাচজুড়ে আমাদের আধিপত্য ছিল। তাই আজকের পারফরম্যান্সের জন্য আমি দলকে অভিনন্দন জানাই।’

নিজের ভবিষ্যৎ ও দলের অগ্রগতি নিয়ে কাবরেরা বলেছেন, ‘দেখা যাক এখন কী হয়। এখনও এক মাস সময় বাকি আছে। তবে আমার পরামর্শ- এভাবেই চালিয়ে যাওয়া উচিত। সত্যি বলতে, কে দায়িত্বে আছে সেটা বড় কথা নয়। সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দলকে দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে দেখা জরুরি। আমি মনে করি, দলের মধ্যে সেই উন্নতি দৃশ্যমান। আমার অধীনে যেটা সম্ভবত পাচ্ছিলাম না, তা হলো আরও কিছু ইতিবাচক ফলাফল।’

পেশাদারিত্ব ও উন্নতির জায়গা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। অনেক কিছুই বদলে যাচ্ছে। মাঠের খেলায় আমাদের গুণগত মান এখন স্পষ্ট। আমরা আরও অভিজ্ঞতা অর্জন করছি এবং আরও পেশাদার হয়ে উঠছি। খেলোয়াড়রা এখন জানে কীভাবে খেলার গতি নিয়ন্ত্রণ করতে হয়। আমরা অযথা উত্তেজিত হয়ে পড়ি না। অনেক ভালো দিক আছে। তবে সিঙ্গাপুরের মতো দলগুলোর এমন সক্ষমতা আছে যে তারা একটি সুযোগ পেলে সেটি থেকেই গোল করে। এখানেই আমাদের ঘাটতি রয়েছে। এই জায়গায় উন্নতি করতে পারলে আগামী কয়েক বছরে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আরও ২০-৩০ ধাপ এগিয়ে থাকতে দেখা যেতে পারে।’

সার্বিক পারফরম্যান্স ও বাস্তবতা নিয়ে কাবরেরার কথা, ‘বাছাইপর্বের পুরো গ্রুপ জুড়ে আমরা কোনো দলের চেয়ে খারাপ খেলিনি; বরং অনেক ম্যাচেই প্রতিপক্ষের চেয়ে ভালো খেলেছি। কিন্তু বাস্তবতা হলো, আমরা মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ শেষ করেছি। আমি বলছি না যে সিঙ্গাপুর এশিয়ান কাপে খেলার যোগ্য নয়—তবে আজকের ম্যাচে বাংলাদেশই ছিল শ্রেষ্ঠ দল, এতে কোনো সন্দেহ নেই।’

Tags: আজকের ফল হজম কঠিন কাবরেরা