বুধবার ভোরে জাম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচকে সামনে রেখে স্কালোনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে মেসিকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় সে শুরু থেকেই খেলবে।’
এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মেসি।
সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলের জয় পেলেও পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না বলে স্বীকার করেছেন স্কালোনি। তিনি এই জয়কে দলের জন্য একটি ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন। জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচসহ সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলো দিয়েই ঠিক করা হবে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড। স্কালোনি জানিয়েছেন, দল প্রায় চূড়ান্ত হলেও এখন পারফরম্যান্স দেখে কিছু সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে মেসির বিশ্বকাপ খেলা নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা হয়নি। তবে স্কালোনি আশাবাদী, অভিজ্ঞ এই তারকা শেষ পর্যন্ত দলে থাকবেন। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে যেন উপভোগ করে। এটি হয়তো তার শেষ বিশ্বকাপ হতে পারে, কিন্তু সে যেন আনন্দ নিয়ে খেলতে পারে সেটাই আসল। ’ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর গ্রুপ পর্বে অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে লাতিন আমেরিকার এই শক্তিশালী দল।