বাংলাদেশের অন্যতম প্রতিভাবান আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের গ্র্যান্ডমাস্টার (জিএম) হওয়ার পথে বড় বাধা ছিল স্পন্সরশিপ। দীর্ঘ ১৮ মাসের অপেক্ষা শেষে সেই অনিশ্চয়তা কেটেছে। পাকিজা গ্রুপের স্পন্সরশিপ পাওয়ায় এখন নির্ভার হয়ে তুরস্কের পথে পা বাড়াচ্ছেন এই দাবাড়ু।
আগামী মে মাসে তুরস্কে অনুষ্ঠেয় দুটি গ্র্যান্ডমাস্টার নর্ম টুর্নামেন্ট এবং একটি আন্তর্জাতিক মাস্টার টুর্নামেন্টে অংশ নেবেন ফাহাদ। গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের জন্য তার আরও দুটি নর্ম প্রয়োজন। এই লক্ষ্যেই মূলত তুরস্ক সফরকে পাখির চোখ করেছেন তিনি। পাকিজা গ্রুপ তার এই সফরের জন্য ৩ লক্ষ টাকার স্পন্সরশিপ প্রদান করেছে। এসময় ফাহাদের সঙ্গে ছিলেন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ।
শুক্রবার (৩ এপ্রিল) ফাহাদ বলেন, “স্পন্সরের অভাবে অনেক সময় গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে। এবার পাকিজা গ্রুপ এগিয়ে আসায় আমি তুরস্কে খেলতে যেতে পারছি। দীর্ঘ ১৮ মাস পর আন্তর্জাতিক আসরে ফিরছি, আশা করছি সেখানে ভালো ফল করতে পারবো।”