• দেশজুড়ে
  • নরসিংদীতে ধর্ষণ ঢাকতে কিশোরীকে হত্যা : ৯ আসামির মধ্যে গ্রেপ্তার ৫

নরসিংদীতে ধর্ষণ ঢাকতে কিশোরীকে হত্যা : ৯ আসামির মধ্যে গ্রেপ্তার ৫

ঘটনাস্থলে ডিআইজি

দেশজুড়ে ১ মিনিট পড়া
নরসিংদীতে ধর্ষণ ঢাকতে কিশোরীকে হত্যা : ৯ আসামির মধ্যে গ্রেপ্তার ৫

জেলার মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে পরিকল্পিতভাবে অপহরণ করে হত্যা করার অভিযোগে চাঞ্চল্যকর মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৯ আসামির মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন।

মামলার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার সকাল পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেম্বার আহম্মদ আলী দেওয়ান, তাঁর ছেলে ইমরান দেওয়ান, অভিযুক্ত নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব, এবায়দুল্লাহ, হোসেন, বাজার এলাকার গাফফার। মূল অভিযুক্ত নূরা এখনও পলাতক। বাকি আসামিদের ধরতে জেলা ও জেলার বাইরে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ঘটনার পরপরই থানায় জানানো হলে হয়তো এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো না। মামলা দায়েরের পর থেকেই আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

সকালেই নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, অপরাধীদের জন্য আমাদের অবস্থান জিরো টলারেন্স। যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি জানান, ধর্ষণের দায়ে অভিযুক্ত নূরাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রায় ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ছয়জন বখাটে ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার দায়িত্ব নেন সাবেক মেম্বার আহম্মদ আলী দেওয়ান। তবে অভিযোগ উঠেছে, তিনি অভিযুক্তদের সঙ্গে আপস করে অর্থ আত্মসাৎ করেন এবং ঘটনাটি ধামাচাপা দেন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেওয়া হয়। পরিবারের অভিযোগ, বিচার না হওয়ায় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে। ঘটনার ১৫ দিন পর কিশোরীকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর হত্যা করে মহিষাসুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা ক্ষেতে ফেলে রাখা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং পলাতকদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।

Tags: ধর্ষণ আসামি নরসিংদী গ্রেপ্তার ঢাকতে কিশোরীকে হত্যা