• রাজনীতি
  • রাষ্ট্রপতির অভিশংসন-জুলাই হত্যাকাণ্ডের বিচারই অগ্রাধিকার হতে হবে: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতির অভিশংসন-জুলাই হত্যাকাণ্ডের বিচারই অগ্রাধিকার হতে হবে: নাহিদ ইসলাম

রাজনীতি ১ মিনিট পড়া
রাষ্ট্রপতির অভিশংসন-জুলাই হত্যাকাণ্ডের বিচারই অগ্রাধিকার হতে হবে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে ফেলার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।

তিনি বলেন, অবিলম্বে বর্তমান সংসদকে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতির অভিশংসন নিশ্চিত করে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।

রোববার (১ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) জাতীয় যুবশক্তি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন হাজারো ভাই-বোন।

এই রক্তের ওপর দাঁড়িয়ে অন্য কোনো কথা হবে না। আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শরীফ ওসমান হাদি হত্যার বিচার আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। সংসদ অধিবেশন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংসদ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা।

এই সংসদেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সব অধ্যাদেশ অনুমোদন করতে হবে। সরকার ও বিরোধী দল, সবাই এ বিষয়ে একমত হবে বলে আমরা আশা করি। যুবশক্তির ভূমিকা তুলে ধরে এনসিপি সভাপতি বলেন, যুবশক্তি সংগঠিত হচ্ছে, এই পরিধি আরও বাড়াতে হবে। রাজপথে বিচার ও সংস্কারের দাবিতে আমাদের অটল থাকতে হবে।

জাতীয় নাগরিক পার্টি সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকবে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখবো না। অনুষ্ঠানে খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা ৮ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূইয়া এবং জাতীয় যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: অগ্রাধিকার রাষ্ট্রপতি হত্যাকাণ্ড জুলাই অভিশংসন বিচারই হতে হবে: নাহিদ ইসলাম