দায়িত্বের পরিধি ও বোর্ডের প্রত্যাশা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার পরই সিদ্ধান্ত নিতে চান সাবেক এই অধিনায়ক।
সম্প্রতি প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
তাকে দায়িত্বে রাখার আগ্রহ দেখালেও দীর্ঘমেয়াদে এই পদে থাকতে চাননি তিনি। ফলে নতুন প্রধান নির্বাচক খুঁজতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পদে নিয়োগের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড। যেখানে আবেদনকারীদের নির্দিষ্ট অভিজ্ঞতা ও যোগ্যতার শর্ত পূরণ করতে বলা হয়েছে।
লিস্ট ‘এ’ এবং প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা সাবেক ক্রিকেটাররা আবেদন করতে পারবেন। এমন পরিস্থিতিতে নান্নুর নাম আবারও আলোচনায় এসেছে। এর আগে দীর্ঘ সময় ধরে তিনি জাতীয় দলের নির্বাচক প্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন এবং একপর্যায়ে প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেছেন। প্রায় আট বছর ধরে এই দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার।
তবে নান্নু জানিয়েছেন, এখনো বোর্ডের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি আগে জানতে চান নতুন করে নির্বাচক প্যানেলের কাঠামো কেমন হবে এবং দায়িত্বগুলো কীভাবে বণ্টন করা হবে। এরপরই আবেদন করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তার মতে, নির্বাচকদের প্রধান কাজ হলো প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা এবং জাতীয় দলের জন্য সেরা কম্বিনেশন তৈরি করা। যদিও সাম্প্রতিক সময়ে দল নির্বাচন নিয়ে সমালোচনা হয়, কিন্তু অনেক সময় বাস্তব পরিস্থিতি না জেনেই সেই সমালোচনা করা হয় বলেও মনে করেন তিনি।