• জাতীয়
  • বিএনপি গণঅভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করছে: শিবির সভাপতি

বিএনপি গণঅভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করছে: শিবির সভাপতি

জাতীয় ১ মিনিট পড়া
বিএনপি গণঅভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করছে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেছেন, দেশে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, তা নিয়ে বিভিন্ন মহল থেকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর প্রশ্ন উঠেছে।

আমরা সুষ্ঠু নির্বাচন চাইলেও বাস্তবে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে-যা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ‘বেনিফিশিয়ারি’ হলো বিএনপি। কিন্তু এখন তারা সেই অভ্যুত্থানের সঙ্গেই গাদ্দারি করছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শিবির সভাপতি নূরুল ইসলাম বলেন, সরকার গঠনের পর থেকেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

বিরোধী মতের ওপর, বিশেষ করে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের ওপর ধারাবাহিকভাবে হামলা করা হচ্ছে। ছাত্রদলের সমালোচনা করে তিনি বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে রাতের অন্ধকারে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদের রক্তাক্ত করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, বিগত সময়ে বিএনপি রাজনৈতিকভাবে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনীতি করার সুযোগ পেয়ে তারা এখন সেই অভ্যুত্থানের সঙ্গেই গাদ্দারি করছে।

Tags: গণঅভ্যুত্থান বিএনপি শিবির সভাপতি