মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতির কবলে পড়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন প্রাক্তন মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী লারা দত্ত। সম্প্রতি একটি ব্র্যান্ডের প্রচারণামূলক কাজে দুবাই গিয়েছিলেন তিনি। কিন্তু ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে আকাশপথে অস্থিরতা তৈরি হওয়ায় সপরিবারে সেখানে আটকা পড়েছেন তিনি।
ভীতিকর পরিস্থিতির বর্ণনা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিও বার্তায় লারা দত্ত বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন। তিনি জানান, তারা বর্তমানে একটি নিরাপদ ভিলায় অবস্থান করলেও যুদ্ধের প্রভাব থেকে মুক্ত নন। লারা বলেন, "মিথ্যা বলছি না, দিনগুলো খুবই উদ্বেগজনক। আমরা ভীষণ নার্ভাস এবং বিষয়টি সত্যিই ভীতিকর। আমাদের মাথার ওপর দিয়ে অসংখ্য ফাইটার জেট উড়ে যাচ্ছে, কানে আসছে বিকট বিস্ফোরণের শব্দ। এমনকি বিস্ফোরণের তীব্রতায় আমাদের ঘরের জানালা ও দরজা কেঁপে উঠছে।"
সংযুক্ত আরব আমিরাত সরকারের ভূমিকা এমন কঠিন পরিস্থিতিতেও সংযুক্ত আরব আমিরাত সরকারের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছেন লারা। তিনি জানান, সরকার স্থানীয় নাগরিক ও বিদেশি পর্যটকদের সমানভাবে দেখাশোনা করছে। তিনি বলেন, "এই শহরে বসবাসকারী একজন মানুষ হিসেবে আমরা অনুভব করছি যে আমরা এখানে গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদের নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।"
পরিবার নিয়ে দেশে ফেরার আকুতি লারা জানান, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত ভারতে ফিরে আসা। বিশেষ করে তার কন্যা সায়রা এই পরিস্থিতিতে অত্যন্ত ভয় পেয়ে গেছে। লারা বলেন, "আমরা মুম্বাইয়ে ফিরে যাওয়ার জন্য ফ্লাইটের খোঁজ করছি। আমার মেয়ে অনেক বেশি আতঙ্কিত, আমরাও মানসিকভাবে বিপর্যস্ত। যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি।"
মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপট উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার জেরে বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত নাজুক। ইরান থেকে প্রতিবেশী দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার খবরের পর এই অঞ্চলে বিমান চলাচলে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবেই লারা দত্তসহ অসংখ্য পর্যটক বর্তমানে দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে আটকা পড়েছেন।