সিরাজগঞ্জ সদর উপজেলায় জামায়াতের এক নেতার অনুমোদনহীন একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কারখানা মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়ার মারার ওষুধ কারখানায় এ অভিযান চালানো হয় বলে জানান সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন।
কারখানা মালিক নজরুল ইসলাম সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়ন জামায়াতের আমির।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন বলেন, গোপন খবর পেয়ে কারখানাটিতে অভিযান চালায় টাস্কফোর্স। দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধের নামে কারখানা হলেও সেখানে হারপিক ও কয়েল প্রস্তুত করা হত। প্রস্তুতকারী হিসেবে নজরুল ইসলামের কোম্পানি নাম লেখা ছিল। এ ছাড়া নিমের মাজনে কোনো নিমের উপাদান পাওয়া যায়নি।
কারখানাটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গরু ও হাঁস- মুরগির ওষুধ উৎপাদন করা হত। পণ্যগুলোতে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা ছিল না।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার ম্যানেজারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া কারখানাটি সিলগালা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।