• দেশজুড়ে
  • চাঁপাইনবাবগঞ্জে সালিশ শেষে ফেরার পথে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জে সালিশ শেষে ফেরার পথে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

দেশজুড়ে ১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে সালিশ শেষে ফেরার পথে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাইসহ আরও চারজন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সালিশি বৈঠকের পর ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাইসহ আরও চারজন।

রোববার রাত ১১টার দিকে পৌরসভার কোর্ট বাজার এলাকায় এ ঘটনা ঘটে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান জানান।

নিহত আনিসুর রহমান (৬৫) পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের দেওয়ান জাইগির মহল্লার প্রয়াত জাফর আলীর ছেলে।

আহতদের মধ্যে আনিসুরের ছেলে আসমাউল হক (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ভাই মনসুর আলী (৬৮) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্য আহত আনিসুরের ছেলে রাব্বিকুল হক (৩৩) ও আব্দুল আওয়াল হক (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার এক নারীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হয়।

ঘটনার দিন রাতেও দুই পক্ষের উপস্থিতিতে সালিশ বসে। তবে সমাধান না হওয়ায় আনিসুর রহমান তার ভাই ও ছেলেদের নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ওই নারীর পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে লাঠির আঘাতে আনিসুর রহমান মারা যান বলে জানান নিহতের ভাতিজা রুবেল ও ভাগ্নে ডালিম।

পুলিশ পরিদর্শক শাকিল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ছাড়া নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Tags: চাঁপাইনবাবগঞ্জ সালিশ