• দেশজুড়ে
  • বিএনপিতে আসতে আগ্রহীদের ‘ড্রপ টেস্ট’ করার নির্দেশ এমপি জামালের

বিএনপিতে আসতে আগ্রহীদের ‘ড্রপ টেস্ট’ করার নির্দেশ এমপি জামালের

দেশজুড়ে ১ মিনিট পড়া
বিএনপিতে আসতে আগ্রহীদের ‘ড্রপ টেস্ট’ করার নির্দেশ এমপি জামালের

মোঃ মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের কমিটির বিভিন্ন পদে আসতে আগ্রহীদের ‘ড্রপ টেস্ট’ করতে হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

সোমবার (৯ মার্চ) দুপুরে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন সভার আয়োজন করে। সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজাপুর ও কাঠালিয়া এলাকায় দল ও অঙ্গসংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই করা হবে। যারা বিভিন্ন পদে আসতে চান, তাদের মাদক সংশ্লিষ্টতা আছে কি-না, তা নিশ্চিত করতে প্রয়োজনে ড্রপ টেস্ট করা হবে। তিনি আরও বলেন, মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। দলের ভেতরে কিংবা সমাজে কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। জেলা প্রশাসক মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এতে জেলায় অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।