• দেশজুড়ে
  • হত্যাকাণ্ড ঘিরে মাদারীপুরে সহিংসতা, আগুনে পুড়ল একাধিক বসতঘর

হত্যাকাণ্ড ঘিরে মাদারীপুরে সহিংসতা, আগুনে পুড়ল একাধিক বসতঘর

দেশজুড়ে ১ মিনিট পড়া
হত্যাকাণ্ড ঘিরে মাদারীপুরে সহিংসতা, আগুনে পুড়ল একাধিক বসতঘর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ঘরে ঢুকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিপক্ষের বসতঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এতে পুড়ে গেছে জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ বেশ কয়েকটি বসতঘর।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির বিরোধ চলছিল।

এই বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুটিপক্ষ। এরই জেরে মঙ্গলবার সকাল ৭টার দিকে মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক ও চাচাতো ভাই ইন্টারনেট (ওয়াইফাই) ব্যবসায়ী আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এসময় আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। বাধা দেওয়ায় নারীসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়। বসতঘর ভাঙচুর ও লুটপাটও করে হামলাকারীরা। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বিকেলে সম্পন্ন ময়নাতদন্ত শেষে দাফন হয় আলমগীর হাওলাদারের লাশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় হাসান মুন্সির পক্ষ সন্ধ্যায় জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ বেশ কয়েকটি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

লুটপাট ও ভাঙচুর করা হয়। আগুনে পুড়ে যায় কয়েকটি বসতঘর। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, বিভিন্ন এলাকায় একসঙ্গে আগুন ধরিয়ে দেওয়ায় নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। তবে, সব চেষ্টা করেও ব্যর্থ হতে হয়।

এলাকাবাসী একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীদেরও ওপর তেড়ে আসে। তারপরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও বিক্ষুব্ধরা বিভিন্ন এলাকা থেকে একত্রে জড়ো হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এছাড়া আলমগীরকে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

Tags: হত্যাকাণ্ড সহিংসতা মাদারীপুর একাধিক আগুনে পুড়ল বসতঘর