• দেশজুড়ে
  • গাজীপুরে মোবাইল ও এক্সেসরিজ দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা

গাজীপুরে মোবাইল ও এক্সেসরিজ দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুরে মোবাইল ও এক্সেসরিজ দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ, গাজীপুর :

গাজীপুরের কোনাবাড়ীতে একটি মোবাইল ও মোবাইল এক্সেসরিজের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মোবাইল ফোন, এক্সেসরিজ ও আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিক পক্ষ। বুধবার (১১ মার্চ) ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর ২ নম্বর গেটে অবস্থিত শাম্মী টেলিকম নামে একটি মোবাইল ও এক্সেসরিজের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোরের দিকে স্থানীয়রা দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, দোকানটি বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের ভেতরে থাকা মোবাইল ফোন, বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ, নগদ অর্থ ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোকান মালিক মোঃ শাহজাহান স্বপন জানান, আমার দোকানের মোবাইল, মোবাইল এক্সেসরিজ ও নগদ অর্থসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা জানান, ভোরের দিকে আগুন লাগার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে দোকানের ভেতরের মালামাল পুড়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।