গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ মার্চ ২০২৬ সোমবার দিনাজপুর সফরে আসছেন।
এদিন জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া গ্রামে ‘খাল খনন কর্মসূচি’র উদ্বোধন করবেন তিনি।
পাশাপাশি দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে তার নানা-নানী ও খালার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে সফল করতে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে ১৪ মার্চ শনিবার সকাল ১১টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে (বড় মাঠের পশ্চিম পাশে) একটি জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীরা সরেজমিনে স্থান পরিদর্শন করেছেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশে ২০ হাজার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগকে তিনি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব আয়োজন হবে সাদামাটা, সুশৃঙ্খল ও নান্দনিক—এ কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলী, সভাপতি মণ্ডলী, সম্পাদক মণ্ডলী ও সদস্যবৃন্দসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার ১৩ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা প্রধানমন্ত্রীর দিনাজপুর সফরকে সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সকল কর্মসূচি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।