• বিনোদন
  • বিরতি কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন বিটিএসের

বিরতি কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন বিটিএসের

বিনোদন ১ মিনিট পড়া
বিরতি কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন বিটিএসের

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও সংগীত জগতে শক্তভাবে ফিরে এসেছে কে-পপ সুপারগ্রুপ বিটিএস।

প্রায় চার বছরের বিরতির অবসান ঘটিয়ে নতুন অ্যালবাম, বিশাল কনসার্ট এবং বিশ্ব সফরের ঘোষণায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাসের ঢেউ।

গত ২০ মার্চ প্রকাশিত হয়েছে তাদের পঞ্চম অ্যালবাম ‘আরিরাং’। একই দিনে সিউলের গুয়াংঘওয়ামুন স্কয়ারে অনুষ্ঠিত হয় প্রত্যাবর্তন কনসার্ট, যেখানে সরাসরি উপস্থিত ছিলেন প্রায় ২ লাখ ৬০ হাজার দর্শক।

শুধু মাঠেই নয়, বিশ্বজুড়েও কনসার্টটি সরাসরি উপভোগ করেছেন দর্শকরা নেটফ্লিক্সের মাধ্যমে। কোরিয়ার ঐতিহ্যবাহী লোকসংগীত থেকে নেওয়া ‘আরিরাং’ নামটি অ্যালবামের মূল ভাবনাকেই তুলে ধরে। আধুনিক সুরের সঙ্গে শিকড়ের সংযোগ ঘটিয়ে সাজানো ১৪টি গানের এই অ্যালবাম মুক্তির আগেই তৈরি করে রেকর্ড।

স্পটিফাই-এর তথ্য অনুযায়ী, প্রকাশের আগে ৫০ লাখের বেশি প্রি-সেভ হয়েছে—যা কে-পপে এক অনন্য নজির।

ব্যান্ড সদস্য জিমিন বলেন, ‘আমরা নিজেদের পরিচয় নিয়ে গভীরভাবে ভেবেছি। কিভাবে আমাদের সংগীতে সেই পরিচয়কে সবচেয়ে সত্যভাবে তুলে ধরা যায়, সেটাই ছিল লক্ষ্য।’

এই কনসার্টের পর শুরু হতে যাচ্ছে ৮২টি শোর বিশাল বিশ্ব সফর, যা সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স। সংশ্লিষ্টরা বলছেন, এটি হতে যাচ্ছে প্ল্যাটফর্মটির ইতিহাসের সবচেয়ে বড় লাইভ মিউজিক আয়োজন।

সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে অ্যালবামটি। অনেকেই এটিকে ব্যান্ডটির নিজস্ব সংস্কৃতি ও শিকড়ের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি হিসেবে দেখছেন। এই কাজের মাধ্যমে বিটিএস আবারও প্রমাণ করল তাদের বৈশ্বিক প্রভাব।

মুক্তির প্রথম দিনেই প্রায় ৩.৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়ে নতুন রেকর্ড গড়েছে অ্যালবামটি। এর আগে ‘ম্যাপ অব দ্য সিওল: ৭’ প্রথম সপ্তাহে ৩.৩৭ মিলিয়ন কপি বিক্রি করে রেকর্ড গড়েছিল, যা এবার ছাড়িয়ে গেছে নতুন এই অ্যালবাম।

Tags: বিরতি কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন বিটিএস