আইপিএলের আসন্ন আসর শুরুর ঠিক কয়েকদিন আগে নিজেদের অন্যতম সেরা ম্যাচ উইনারকে অনন্য এই সম্মান জানাল তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গত ৩০ নভেম্বর সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন রাসেল। এবার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কেকেআর সিইও ভেঙ্কি মাইশোর জার্সির নম্বরটি ‘রিটায়ার’ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
কেকেআরের রাসেলের সোনালী অধ্যায় ২০১৪ সালে কেকেআরে যোগ দেওয়ার পর থেকেই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন আন্দ্রে রাসেল। ২০১৪ এবং ২০২৪ সালে কলকাতার শিরোপা জয়ে তার ছিল অনবদ্য অবদান। কলকাতার হয়ে ১৩৩টি ম্যাচ খেলে ১৭৫ স্ট্রাইক রেটে ২,৫৯৩ রান সংগ্রহ করেছেন তিনি। কেবল ব্যাট হাতেই নয়, বল হাতেও ১২২টি উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেছেন অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে। সুনীল নারাইনের পর দ্বিতীয় বোলার হিসেবে কেকেআরের হয়ে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
নতুন ভূমিকায় কিংবদন্তি খেলোয়াড় হিসেবে ইতি টানলেও কলকাতার ডাগআউটে ঠিকই থাকছেন এই ক্যারিবিয়ান তারকা। ২০২৫ আইপিএল মৌসুমে কেকেআরের পাওয়ার হিটিং কোচ হিসেবে কাজ করবেন তিনি। নিজের নতুন দায়িত্ব নিয়ে রাসেল বলেন, ‘এটি আমার মানসিকতায় কোনো পরিবর্তন আনেনি। বরং যাদের সাথে খেলেছি, তাদের কিছু ফিরিয়ে দেওয়ার বড় সুযোগ এটি। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারাটা সত্যিই দারুণ অনুভূতি।’
কেন এই সিদ্ধান্ত? কেকেআর সিইও ভেঙ্কি মাইশোর বলেন, ‘রাসেলের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। ১২ নম্বর জার্সিটি তার পরিচয়ের অংশে পরিণত হয়েছিল। দীর্ঘ সময় মাঠের পারফরম্যান্স দিয়ে সে আমাদের আনন্দ দিয়েছে, ট্রফি জেতাতে সাহায্য করেছে। তার প্রতি যথাযথ সম্মান জানাতেই আমরা এই জার্সিটি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’