পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) “ক” সার্কেল। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পটুয়াখালী সদর থানাধীন পুরাতন হাসপাতাল রোডের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালানো হয় পতিতা প্রবেশদ্বার এলাকা, আসামিদের বসতঘর, মারজান বিউটি পার্লারের সামনে এবং আনোয়ার হোটেলের সামনে। অভিযানে মোট ৩০ গ্রাম গাঁজা ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন রিপন চন্দ্র দাস (৩২), সোহাগ (৩০), মো. কামাল মৃধা (২৪) ও মো. বায়জিদ মাতব্বর (২৪)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় পৃথক চারটি মামলায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমানুল আশরাফ ও শারমিন সুলতানা। এর মধ্যে রিপন চন্দ্র দাসকে ১৪ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, সোহাগকে ১ মাসের কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা, কামাল মৃধাকে ১৪ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং বায়জিদ মাতব্বরকে ১০ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়। মামলাগুলোতে প্রসিকিউশন দাখিল করেন ডিএনসি “ক” সার্কেলের উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ। জেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
পটুয়াখালীতে ডিএনসির অভিযানে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
দেশজুড়ে
১ মিনিট পড়া
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু: