নোয়াখালীর সদর উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে এক বাস শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. রাজু বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মী নারায়নপুর গ্রামের মো. সাখায়েত উল্যার ছেলে।
দুর্ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাইজদীর দিকে আসছিল। বাসটি মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে রাজু অসাবধানতাবশত চলন্ত বাস থেকে সড়কের ওপর ছিটকে পড়েন। এসময় বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
হাসপাতালে মৃত্যু ঘোষণা দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিউটি শেষে ফেরার পথে অসাবধানতাবশত তিনি বাস থেকে পড়ে যান। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।