• আন্তর্জাতিক
  • ‘বিপজ্জনক অভিযান’ দাবি করে নিখোঁজ পাইলট উদ্ধারের যে বর্ণনা দিলেন ট্রাম্প

‘বিপজ্জনক অভিযান’ দাবি করে নিখোঁজ পাইলট উদ্ধারের যে বর্ণনা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
‘বিপজ্জনক অভিযান’ দাবি করে নিখোঁজ পাইলট উদ্ধারের যে বর্ণনা দিলেন ট্রাম্প

গুরুতর আহত পাইলট উদ্ধারে ইরানে বিপজ্জনক অভিযান চালানো হয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ অভিযানের বর্ণনা তুলে ধরেছেন।

ট্রাম্প বলেছেন, ‘আমরা তাকে পেয়েছি! ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

রবিবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানে গত শুক্রবার ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সেই বিমানে থাকা দু'জনের মধ্যে একজনকে সেদিনই উদ্ধার করার কথা জানায় যুক্তরাষ্ট্র। আর আরেকজনকে আজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও জানান ট্রাম্প।

উদ্ধার হওয়ার সাথে সাথে কর্নেল পদমর্যাদার ওই ব্যক্তি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে দাবি করেছিলেন ট্রাম্প। তবে আরেক বার্তায় তিনি বলেন, ‘গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়, কিন্তু তিনি ঠিক হয়ে যাবেন।’

উদ্ধার অভিযানের বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, ‘ইরানি সামরিক বাহিনী বিপুলসংখ্যক সদস্য নিয়ে হন্যে হয়ে তাকে খুঁজছিল এবং প্রায় ধরে ফেলার কাছাকাছি চলে গিয়েছিল।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘মানুষ এবং সরঞ্জাম- উভয় দিক থেকেই ব্যাপক ঝুঁকির কারণে এ ধরনের দুঃসাহসিক অভিযান সাধারণত চালানো হয় না। এটি সচরাচর ঘটে না বললেই চলে!’

প্রথম দফার পর দ্বিতীয় দফায় এই অভিযান চালানো হয় জানিয়ে তিনি আরো বলেন, আমরা দিনের আলোতেই ওই পাইলটকে উদ্ধার করেছি, যা বেশ অস্বাভাবিক ছিল। উদ্ধারকারী দলটিকে প্রায় সাত ঘণ্টা ইরানের আকাশসীমায় অবস্থান করতে হয়েছিল।

প্রসঙ্গত, ইরানের ভেতরে একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হলে এর দুই ক্রু সদস্য ইজেক্ট করেন। তাদের একজনকে দ্রুত উদ্ধার করা গেলেও অন্যজন নিখোঁজ থাকেন, যা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করে।

Tags: ট্রাম্প নিখোঁজ বিপজ্জনক অভিযান পাইলট উদ্ধার