• দেশজুড়ে
  • রাত পোহালেই বগুড়ায় ভোট গ্রহণ শুরু, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

রাত পোহালেই বগুড়ায় ভোট গ্রহণ শুরু, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

দেশজুড়ে ১ মিনিট পড়া
রাত পোহালেই বগুড়ায় ভোট গ্রহণ শুরু, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

বাদশা আলম, বগুড়া প্রতিনিধি-

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া ‎বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৯ এপ্রিল)। নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ‎বুধবার (৮এপ্রিল) বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠ থেকে ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, কালি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন।

উপ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার।

‎সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ‎৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে ১৫০টি ভোটকেন্দ্র। এছাড়াও একটি কেন্দ্রে পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেখানে ৩ হাজার ৭৩৬ জন রেজিষ্ট্রেশন করেছেন।

‎নির্বাচনকে ঘিরে পুরো নির্বাচনী এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় ২ হাজার আনসার সদস্য, ১ হাজার ৩০০ পুলিশ সদস্য, র‍্যাব, ৮ প্লাটুন বিজিবি, সেনাসদস্য এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

‎উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল।