রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর অস্ত্র মামলার পলাতক আসামি মোঃ জাবেদ ওরফে টোকাই জাবেদ (৩২)-কে গ্রেফতার করেছে র্যাব-১৩। গত সোমবার (০৬ এপ্রিল) রাতে উপজেলার বৈরাগীহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৩ মার্চ ২০২৬ তারিখ রাতে রংপুর মহানগরীর তাজহাট এলাকায় দেশীয় অস্ত্রসহ শাফায়েত হোসেন শামীম ওরফে পিচ্চি শামীম নামে এক যুবককে এলাকাবাসী আটক করে। ওই ঘটনায় এসআই মো: আরাফাত হোসেন বাদী হয়ে তাজহাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই এজাহারনামীয় অন্যান্য আসামিরা পলাতক ছিল।
এরই ধারাবাহিকতায়, গত সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল মিঠাপুকুরের বৈরাগীহাট বাজারে অভিযান চালায়। সেখান থেকে মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মোঃ জাবেদ ওরফে টোকাই জাবেদকে গ্রেফতার করা হয়। জাবেদ মিঠাপুকুর থানার ইসলামপুর (বাশিয়াপাড়া) এলাকার মৃত হাসেম খানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত জাবেদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার বিত্তশালী ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করে আসছিল।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের এই ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।