• দেশজুড়ে
  • বাউবিতে প্রশাসনিক গতিশীলতা ও শিক্ষার্থী সেবা উন্নয়নে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

বাউবিতে প্রশাসনিক গতিশীলতা ও শিক্ষার্থী সেবা উন্নয়নে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

দেশজুড়ে ১ মিনিট পড়া
বাউবিতে প্রশাসনিক গতিশীলতা ও শিক্ষার্থী সেবা উন্নয়নে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন, শিক্ষার্থীসেবার মান বৃদ্ধি এবং সার্বিকভাবে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় কৌশল নির্ধারণে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬) বেলা ১১:০০টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের প্রধানদের প্রশাসনিক কার্যক্রমে গতি বৃদ্ধি, শিক্ষার্থীসেবার মানোন্নয়ন এবং শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর কৌশল প্রণয়নের বিষয়ে মতামত ও পরামর্শ আহ্বান করা হয়। এ সময় বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের পরিচালকবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হয়ে তাঁদের নিজ নিজ অঞ্চলের বাস্তব অভিজ্ঞতার আলোকে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের সমস্যা, সম্ভাবনা, প্রয়োজনীয় জনবল কাঠামো এবং সমাধান প্রস্তাব উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “বাউবিকে আরও গতিশীল ও কর্মমুখর করতে জনবল কাঠামোর সুষম বণ্টন এবং উপযুক্ত স্থানে দক্ষ জনবল পদায়ন অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার এবং শিক্ষার্থী তথা আগ্রহী জনগণের আত্মমর্যাদার কথা চিন্তা করে বলেন, সব সেবা প্রদান সম্ভব না হলেও প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে সম্মানজনক ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে”।

তিনি আরও উল্লেখ করে বলেন, ‘বাউবির আয় মূলত শিক্ষার্থীনির্ভর হওয়ায় তাদের সন্তুষ্টি অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তথ্যপ্রদান ও সেবা প্রদানে বিদ্যমান ঘাটতি দূর করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত ক্লাস গ্রহণ, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত, প্রযুক্তিনির্ভর অটোমেশন ও অনলাইন সেবা সম্প্রসারণ, নিয়মিত সমন্বয় সভা আয়োজন এবং স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরদের সঙ্গে কার্যকর যোগাযোগ জোরদারের নির্দেশনা দেন। উপাচার্য আরও বলেন, বাউবির বহুমাত্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কার্যকর প্রচারণা ও ব্র্যান্ডিং জরুরি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় বাউবিকে একটি আধুনিক, মানবিক ও গতিশীল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব’।

সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম. আহমেদ হুসেইন, পরিচালক (এসএসএস) অধ্যাপক ড. মোঃ আবু তালেব, পরিচালক (পিপিডি) মোহাম্মদ আলী এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ ছাড়া সকল আঞ্চলিক পরিচালক ও উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণ ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন।