• দেশজুড়ে
  • টরকী নীলখোলা ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খালে

টরকী নীলখোলা ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খালে

দেশজুড়ে ১ মিনিট পড়া
টরকী নীলখোলা ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খালে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়। তবে এই ঘটনায় অলৌকিকভাবে কোনো প্রাণহানি বা মারাত্মক হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশালগামী পণ্যবাহী একটি ট্রাক নীলখোলা ব্রিজে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি প্রচণ্ড গতিতে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দিয়ে তা ভেঙে নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে টরকী বাসস্ট্যান্ড ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার তৎপরতা শুরু করেন। ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও চালক ও তার সহকারী সামান্য আহত অবস্থায় প্রাণে বেঁচে যান।

দুর্ঘটনার পর মহাসড়কে উৎসুক জনতার ভিড় তৈরি হলে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে গৌরনদী থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম সেখ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্থ ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।