রংপুরের মিঠাপুকুরে এক দৃষ্টি প্রতিবন্ধীকে ‘মাদক কারবারি’ সাজিয়ে তার বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বালুয়ারমাঠ এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এর প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ লোকমান মিয়া ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্থানীয় বাসিন্দা ইসাহাক আলী ও মোর্শেদ আলম জানান, গত কয়েকদিন আগে পূর্ব পরিকল্পিতভাবে একদল ব্যক্তি লোকমান মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং তাকে গ্রাম ছাড়ার আলটিমেটাম দেয়। এই ঘটনায় আসাদ, শাহাবুল, সাজ্জাদ, বক্কর, বাবু, আজিজুর ও ফারুকসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানানো হয়।
ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী লোকমান মিয়া আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "আমি একসময় ভুল পথে ছিলাম এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু গত দুই বছর ধরে আমি সেই পথ ছেড়ে দিয়ে সৎভাবে জীবনযাপন করছি। আমার কাছ থেকে আগে কিছু লোক নিয়মিত চাঁদা নিতো। এখন চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা আমাকে মাদক ব্যবসায়ী সাজিয়ে উচ্ছেদের পায়তারা করছে। আমি এখন নিজের বাড়িতে যেতে পারছি না, চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা দাবি করেন, লোকমান মিয়া বর্তমানে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নন। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং তার সম্পদ দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।
বক্তারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী লোকমানের পরিবারকে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।