কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বছরের প্রথমদিন ও বাংলাদেশের প্রথম কৃষক কার্ড চালু হতে যাচ্ছে, যা টাঙ্গাইল থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এ জন্য আগামীকাল টাঙ্গাইল ও সারা বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। টাঙ্গাইলসহ দেশের ১১ টি পয়েন্টে প্রি-পাইলটিং শুরু হবে। পাইলটিং শেষে আগামী ৪ বছরের মধ্যে সারাদেশে এই কার্ড বিতরণ শেষ হবে। তিনি আরো বলেন, দেশের ৭০ ভাগ মানুষ কৃষক। তাদের ভাগ্য পরিবর্তন হলেই, দেশের ভাগ্য পরিবর্তন হবে। কৃষক যেনো প্রতিটি ক্ষেত্রেই পণ্যের ন্যায্য মূল্য ও ন্যায্য অধিকার পায়। এ কারণেই কৃষক কার্ড চালু করা। সোমবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।