নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে খাল পুনর খনন কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্ত্তীর উপস্থিতিতে ১৩৩ জন উপকারভোগীদের নিয়ে খাল পুনর খনন কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় জানায়, উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় উপজেলার আলমপুর ইউনিয়নের চৌঘাট ব্রিজের দক্ষিণ দিক থেকে সিলিমপুর সুইচগেট পর্যন্ত ৫৭ লাখ ৪৬ হাজার ২১০ টাকা ব্যায়ে ২ কিলোমিটার খাল পুনর খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পরিত্যক্ত এই খালটি পুনর খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
তিনি আরও বলেন, খনন কাজ শেষে খালে পর্যাপ্ত পরিমাণ পানি থাকবে। এতে করে হাঁস পালন করে স্থানীয় উপকারভোগীরা যেমন উপকৃত হবেন ঠিক তেমনি খরা মৌসুমে এর পানি সেচ দিয়ে কৃষি ফলন বৃদ্ধির পাশাপাশি কৃষকেরাও উপকৃত হবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর আলী প্রমুখ।