• কর্পোরেট কর্নার
  • ব্র্যাক ব্যাংকের সিএসআর: বদলে গেল পৌনে দুই লাখ মানুষের জীবন, নারীর ক্ষমতায়নে বিশেষ জোর

ব্র্যাক ব্যাংকের সিএসআর: বদলে গেল পৌনে দুই লাখ মানুষের জীবন, নারীর ক্ষমতায়নে বিশেষ জোর

২০২৫ সালে শিক্ষাবৃত্তি, স্বাস্থ্যসেবা, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি, জলবায়ু অভিযোজন ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সিএসআর উদ্যোগে ১.৭২ লাখ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে ব্যাংকটি।

কর্পোরেট কর্নার ১ মিনিট পড়া
ব্র্যাক ব্যাংকের সিএসআর: বদলে গেল পৌনে দুই লাখ মানুষের জীবন, নারীর ক্ষমতায়নে বিশেষ জোর

২০২৫ সালে ব্র্যাক ব্যাংক তাদের কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) উদ্যোগের মাধ্যমে দেশের ১ লাখ ৭২ হাজার ৫০২ জন মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন এনেছে। নারীশিক্ষা, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি, জলবায়ু অভিযোজন এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকটির এই উদ্যোগগুলো সমাজকে ক্ষমতায়ন এবং দেশের টেকসই অর্থনীতি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শিক্ষাবৃত্তি ও নারী উদ্যোক্তা উন্নয়ন

ব্র্যাক ব্যাংকের 'অপরাজেয় তারা' শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় ৮০৭ জন সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থী তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেছেন। পাশাপাশি, 'উদ্যোক্তা ১০১' কর্মসূচির মাধ্যমে ৩৪৮ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা প্রশিক্ষণ লাভ করেছেন। এই উদ্যোগগুলো সমাজে নারী শিক্ষার প্রসার ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে।

স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা

ব্যাংকটি স্বাস্থ্যসেবা খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। 'অপরাজেয় আমি' উদ্যোগের মাধ্যমে ৪৭ হাজার ৫৩৪ জন কর্মীর বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা দেওয়া হয়েছে, যা উৎপাদনশীলতা বাড়াতেও ভূমিকা রেখেছে। এছাড়াও, ঠাকুরগাঁও ও বগুড়ায় ৪৪ হাজার ৫৪৫ জন সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে ছানি অপারেশন ও চোখের চিকিৎসা পেয়েছেন। 'স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ডে'র অধীনে ৭ হাজার ২৯টি বিনামূল্যে ডায়ালাইসিস সেশন প্রদান করা হয়েছে, যা সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি ও কর্মসংস্থান

ব্র্যাক ব্যাংক সমাজে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি গড়তে বিশেষ মনোযোগ দিয়েছে। এর অংশ হিসেবে ব্যাংকের সহকর্মীদের ৩৫ জন প্রতিবন্ধী সন্তানকে বৃত্তি দেওয়া হয়েছে। ৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তি আইটি ও মাল্টিমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন, যা তাঁদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেছে। জাতীয় পর্যায়ের 'এমপাওয়ারঅ্যাবিলিটি' সম্মেলন আয়োজনের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করা হয় এবং 'অপরাজেয় আমি জব ফেয়ারে'র মাধ্যমে ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান হয়েছে। এছাড়াও, ৮১০ জন সুবিধাবঞ্চিত মানুষ লিম্ব ও ব্রেস সহায়তা পেয়েছেন এবং ৭৮ জন শ্রবণ ও বাকপ্রতিবন্ধী সেলাই প্রশিক্ষণ পেয়েছেন।

জলবায়ু ও পরিবেশগত কার্যক্রম

পরিবেশ সুরক্ষায়ও ব্র্যাক ব্যাংক সক্রিয়। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আটটি জেলায় গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি পরিচালনা করেছে। বাগেরহাটের ঝুঁকিপূর্ণ অঞ্চলে ৭ হাজার ১৩০ জন মানুষকে মৌসুমি ফসল উৎপাদন ও পরিবেশবান্ধব অ্যাগ্রোফরেস্ট্রি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াতে সাহায্য করেছে। পরিবেশ সংরক্ষণ ও সচেতনতায় বিশেষ অবদানের জন্য 'দ্বিজেন শর্মা পরিবেশ পদক' প্রদান করা হয়েছে চারজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।

সাংস্কৃতিক ও মানবিক উন্নয়ন

গত বছর ব্র্যাক ব্যাংক ৫৯ হাজার ৬৫৩ জন সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে। কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাপোর্ট স্টাফদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নে 'ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো' নারী হকি টুর্নামেন্টে ৩৪২ জন নারী ক্রীড়াবিদ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। ২০২৩ সালের গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক–সমকাল সাহিত্য পুরস্কারের ১৩ তম আসরে চারজন লেখককে সম্মাননা জানানো হয়।

ব্যবস্থাপনা পরিচালকের বার্তা

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, "আমাদের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আমাদের শিখিয়েছেন সামাজিক পরিবর্তন মানে মানুষের জীবনের অর্থবহ পরিবর্তন। তাঁর অনুপ্রেরণায় আমরা মানুষের জীবনে এই ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে কাজ করছি। আমরা সামাজিক প্রতিবন্ধকতা দূর করে মানুষের পাশে দাঁড়াই, যাতে তাঁরা মর্যাদা ও সম্মানের সাথে অর্থবহ জীবন যাপনের সুযোগ পান।"

Tags: health bangladesh education corporate social responsibility brac bank csr empowerment climate adaptation disability inclusion