গণমিছিলপূর্ব সমাবেশে মির্জা আব্বাস বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর ব্রাদার্স ক্লাব মাঠে ধানের শীষের পক্ষে আয়োজিত গণ মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন। গণমিছিলটি ব্রাদার্স ক্লাব মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-৮ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। এছাড়া রাতে তিনি মগবাজার সেঞ্চুরী আর্কেড এভিনিউ সোসাইটির ভোটারদের সাথে নির্বাচনী আলোচনা, মতবিনিময় সভা ও গণসংযোগে অংশ নেন।
শান্ত থাকার বার্তা ও চক্রান্তের বিষয়ে সতর্কতা নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন এবং কোনো চক্রান্তের ফাঁদে পা দেবেন না। তিনি দৃঢ়তার সাথে বলেন, 'বিজয় আমাদের প্রান্তে, ইনশাআল্লাহ। কয়েক দিন ধৈর্য ধরুন।' তিনি অভিযোগ করেন, যে দলটির নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই, যারা জনগণের জন্য কাজ করেনি, তারা বিএনপিকে অপদস্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য হলো দেশের জনগণকে চিরতরে উপেক্ষিত রাখা।
১৭ বছরের ত্যাগের বিনিময়ে গণতন্ত্রের অধিকার বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, নির্বাচন আদায়ের জন্য বাংলাদেশের জনগণ গত ১৭ বছর লড়াই করেছে। বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে, সিনিয়র নেতারাও শাহাদাত বরণ করেছেন। দেশের মানুষ দীর্ঘদিন গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, এই ১৭ বছরে দেশের জনগণ যে ত্যাগ স্বীকার করেছেন, তার বিনিময়ে আজকের গণতন্ত্রের অধিকার অর্জন করা হয়েছে।
খালেদা জিয়ার সংগ্রাম স্মরণ মির্জা আব্বাস দেশের মানুষের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবন দিয়ে বাংলাদেশের জনগণের জন্য লড়াই করেছেন। সেই কথা স্মরণ করে আমাদের আগামী দিনের পথে চলতে হবে।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও স্বাধীনতা রক্ষা তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। চলমান নির্বাচন বানচালের জন্য কিছু চক্রান্ত চলছে বলেও মির্জা আব্বাস সতর্ক করে দেন। তিনি দাবি করেন, বিএনপি সবসময় উৎসবমুখর পরিবেশে নির্বাচন করেছে এবং কখনও কোনো প্রতিপক্ষের ওপর হামলা ঘটায়নি। বর্তমানেও দলের নেতাকর্মীরা অত্যন্ত শান্ত ও নীরব ভূমিকা পালন করছে ।