• আন্তর্জাতিক
  • আর্থিক সংকটের মুখে জাতিসংঘ: মহাসচিব।

আর্থিক সংকটের মুখে জাতিসংঘ: মহাসচিব।

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ: মহাসচিব।

জাতিসংঘ (ইউএন) ভয়াবহ আর্থিক সংকটের মুখোমুখি।

পরিস্থিতি অপরিবর্তিত থাকলে খুব শিগগিরই সংস্থাটি আর্থিকভাবে ভেঙে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ১৯৩টি সদস্য রাষ্ট্রের উদ্দেশে লেখা এক চিঠিতে এমনটাই জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চিঠিতে গুতেরেস বলেছেন, অনেক দেশ নির্ধারিত চাঁদা পরিশোধ না করায় জাতিসংঘের আর্থিক সংকট দিন দিন গভীর হচ্ছে, যা বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নকে হুমকির মুখে ফেলেছে। তিনি জানিয়েছেন, জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল পুরোপুরি ফুরিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

গুতেরেস আরও বলেছেন, সদস্য দেশগুলো যদি সময়মতো ও পুরো চাঁদা না দেয়, তাহলে হয় জাতিসংঘ ভেঙে পড়বে, নয়তো সংস্থাটির আর্থিক কাঠামোতে বড় ধরনের সংস্কার আনতে হবে।

তিনি আরও জানিয়েছেন, ২০২৫ সালে নির্ধারিত মোট চাঁদার মাত্র ৭৭ শতাংশই আদায় হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ বকেয়ার রেকর্ড। জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনও কর্মসূচি বাস্তবায়ন না হলে অর্থ ফেরত দিতে হয়। এর ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, সংস্থাকে এমন অর্থও ফেরত দিতে হচ্ছে যা তারা আদৌ পাননি। চলতি মাসেই ২০২৬ সালের বাজেটের অংশ হিসেবে ২২ কোটি ৭০ লাখ ডলার ফেরত দিতে বাধ্য হয়েছে জাতিসংঘকে, যে অর্থ কখনও তহবিলে জমা পড়েনি।

এই সংকটের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ভূমিকা। জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা দেশটি নিয়মিত ও শান্তিরক্ষা বাজেটে অর্থ দেওয়া বন্ধ করেছে এবং একাধিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও কয়েকটি দেশ চাঁদা বকেয়া রেখেছে বা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

গুতেরেস স্পষ্ট করে বলেছেন, এখন দুটি পথ খোলা সব সদস্য রাষ্ট্রকে তাদের দায়িত্ব পালন করে চাঁদা পরিশোধ করতে হবে, নইলে জাতিসংঘকে রক্ষা করতে হলে আর্থিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে।

Tags: জাতিসংঘ আর্থিক সংকট মহাসচিব