• খেলা
  • ভুটানকে বড় ব্যবধানে হারালেও মাঠ নিয়ে বাটলারের ক্ষোভ

ভুটানকে বড় ব্যবধানে হারালেও মাঠ নিয়ে বাটলারের ক্ষোভ

খেলা ১ মিনিট পড়া
ভুটানকে বড় ব্যবধানে হারালেও মাঠ নিয়ে বাটলারের ক্ষোভ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।

হ্যাটট্রিক করেছেন মুনকি আক্তার, তৃষ্ণা রানী ও আলপি আক্তার। দলের জয়ে সর্বোচ্চ ৪ গোল করেছেন মুনকি। ৩টি করে গোল করেছেন তৃষ্ণা রানী ও আলপি আক্তার। একবার করে জালের দেখা পেয়েছেন মামনি চাকমা ও অর্পিতা বিশ্বাসও। তবে বড় জয় পেলেও নেপালে পোখরার মাঠ নিয়ে অসন্তুষ্টি ঝরেছে কোচ পিটার বাটলারের কণ্ঠে।

শনিবার ম্যাচ শেষে ইংলিশ কোচ মাঠের দুর্দশা তুলে ধরে বলেছেন, ‘আমরা স্রেফ এখানে খেলতে আসিনি...এবং আসলেই মনে করি, এই মাঠ ভালো ফুটবল খেলার উপযোগী নয়। আপনারা জানেন, এই মাঠে স্প্রে দেওয়া হয়েছে যেন সবুজ দেখায় এবং আমার মতে, যে দুটি দল তাদের খেলোয়াড়দের উন্নতির চেষ্টা করছে এবং ভালো ফুটবল খেলার পথে আছে, তাদের এই মাঠে খেলতে বলা অন্যায়। আমি কারও দিকে অভিযোগের আঙুল তুলছি না। শুধু বলতে চাই, এই মাঠ যথেষ্ট মানসম্পন্ন নয়। খারাপ মাঠেও দলের উদ্ভাসিত পারফরম্যান্স নিয়ে বাটলার খুশি, ‘সম্ভাব্য যত বেশি বদলি নামানোর চেষ্টা করেছি, আমার মনে হয় কিছুটা খেলতে পেরেছি। আমি বলবো না, দারুণ এবং ভালো খেলেছি, কেননা এই মাঠে আপনি ভালো ফুটবল খেলতে পারবেন না। তবে আমি মনে করি, আমরা কন্ডিশনের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি। মেয়েদের মানসিকতা, নিবেদন এবং দলবদ্ধ হয়ে খেলার মানসিকতায় আমি মুগ্ধ।

এরপর ম্যাচ নিয়ে তার মূল্যায়ন, ‘মাঝেমাঝে মনে হয়, ছোট ছোট প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকা উচিত। এই মাঠ দুই দলের জন্য একই ছিল এবং আমি নিশ্চিত, তারাও (ভুটান) এটা নিয়ে খুশি নয়। কিন্তু স্কোরলাইনেই প্রতিফলিত হচ্ছে আমাদের আধিপত্য এবং ম্যাচটি ছিল একপেশে।

Tags: ভুটান মাঠ ব্যবধান বাটলার ক্ষোভ