ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৫তম সমাবর্তন সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর আফতাবনগর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন।
সমাবর্তনে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের ১৮শ ৫৭ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এ ছাড়া সিজিপিএ ৪ দশমিক শূন্যের মধ্যে ৪ দশমিক শূন্য পাওয়া অনন্য নয়জন শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণপদক।
ড. মোবাশ্বের মোনেম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জ্ঞান ও দক্ষতা তখনই অর্থবহ হয়, যখন তা নৈতিকতার আলোকে পরিচালিত হয়। দেশের কল্যাণে কাজ করা আত্মিক মুক্তি দেয়। সমকালীন বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে জাতীয় ও বৈশ্বিক অস্থিরতা দূর করে শান্তিপূর্ণ ও বাসযোগ্য পৃথিবী গড়তে তরুণদের দায়িত্ব নিতে হবে। এছাড়া, আমাদের অস্তিত্ব প্রকৃতির ওপর নির্ভরশীল।
তাই প্রকৃতি রক্ষার নৈতিক দায়িত্ব সবার পালন করা উচিত। সমাবর্তন বক্তা ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যাললের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের জাতি এখন শুধু চাকরিপ্রার্থী খোঁজে না, আমাদের দরকার সমস্যা সমাধানকারী ও নৈতিক পেশাজীবী। উচ্চ বেতন, পদবী বা সামাজিক মাধ্যমে সুন্দর প্রোফাইল সফলতার উদাহরণ নয়।