• ক্যাম্পাস
  • জাবিপ্রবি: সিট বরাদ্দের দাবিতে প্রক্টর-প্রভোস্টসহ ৭ কর্মকর্তা সাড়ে ৩ ঘণ্টা অবরুদ্ধ

জাবিপ্রবি: সিট বরাদ্দের দাবিতে প্রক্টর-প্রভোস্টসহ ৭ কর্মকর্তা সাড়ে ৩ ঘণ্টা অবরুদ্ধ

হল সিট বরাদ্দের প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীরা দ্বিধাবিভক্ত। একপক্ষ জাতীয় নির্বাচনের পর সিট বরাদ্দের দাবি জানায়, অন্যপক্ষ দ্রুত সিট বরাদ্দের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে।

ক্যাম্পাস ১ মিনিট পড়া
জাবিপ্রবি: সিট বরাদ্দের দাবিতে প্রক্টর-প্রভোস্টসহ ৭ কর্মকর্তা সাড়ে ৩ ঘণ্টা অবরুদ্ধ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) হলের সিট বরাদ্দকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সিট বরাদ্দের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ সোমবার রাতে প্রক্টর, প্রভোস্টসহ সাতজন শিক্ষক ও কর্মকর্তাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। উপাচার্য ও উপ-উপাচার্যের হস্তক্ষেপে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে তারা মুক্ত হন।

ক্যাম্পাসে উত্তেজনা ও তালাবদ্ধের ঘটনা সোমবার রাত ৯টার দিকে মির্জা আজম হলের (প্রস্তাবিত বিজয় ২৪ হল) প্রভোস্টের কক্ষে দাপ্তরিক কাজ করার সময় একদল শিক্ষার্থী বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। তালাবদ্ধ হওয়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন জাবিপ্রবির প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী, সহকারী প্রক্টর ড. আব্দুস সাত্তার, তিন হাউজ টিউটর (মো. এনামুল হক, আতিকুর রহমান, তোজাম হোসেন) এবং সেকশন অফিসার মোহাম্মদ হিজবুল্লাহ।

সিট বরাদ্দ নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের দাবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন করে হলের সিট বরাদ্দের নীতিগত সিদ্ধান্ত নেয়। বর্তমানে যারা হলে থাকছেন তাদের কারোরই বৈধ অনুমোদন নেই। প্রশাসন ৫ ফেব্রুয়ারি সিট বরাদ্দের দিন ধার্য করলেও শিক্ষার্থীদের একটি অংশ জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে সিট বরাদ্দের সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।

অন্যদিকে, অন্য একটি গ্রুপ প্রশাসনের দীর্ঘসূত্রিতার অভিযোগ এনে এবং সিট বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে সোমবার রাতের মধ্যেই সিট বরাদ্দের দাবি জানিয়ে শিক্ষকদের তালাবদ্ধ করে। ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আহনাফ আহমেদ এবং ইইই বিভাগের শিক্ষার্থী মাশরুর জামান মোল্লা জানান, 'আজ একদল শিক্ষার্থী সিট বরাদ্দ জাতীয় নির্বাচনের পর দিতে বলছে তাই আমরা আজ রাতের মধ্যেই সিট বরাদ্দের দাবিতে তালা লাগিয়ে দিয়েছি। হলের সিট বরাদ্দের পর শিক্ষকরা যেতে পারবেন।'

উপাচার্যের হস্তক্ষেপে মুক্তি দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রাত সাড়ে ১২টার দিকে তালা খোলা হলে শিক্ষকরা বেরিয়ে মাইক্রোবাসে করে ক্যাম্পাস ত্যাগ করেন। তালাবদ্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. সাদীকুর রহমান ক্লান্ত জানিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

Tags: student protest just jamalpur-university-of-science-and-technology hall-seat-allocation proctor-hostage campus-unrest