মুর্শিদাবাদে আমির খানের রাতযাপন
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার (২ ফেব্রুয়ারি, ২০২৬) রাতে আমির খান জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিৎ সিংয়ের পৈতৃক বাড়িতে পৌঁছান। আজিমগঞ্জ-জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমির ওই রাতটি অরিজিতের বাড়িতেই কাটান। গতকাল সোমবার রাতে তাঁর মুম্বাই ফিরে যাওয়ার কথা ছিল। এই অপ্রত্যাশিত আগমনের কারণে অরিজিতের বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ছাদে ঘুড়ি ওড়ালেন আমির
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে অরিজিতের বাড়ির ছাদে হাসিমুখে ঘুড়ি ওড়াচ্ছেন আমির খান। প্রিয় তারকাকে একনজর দেখতে পার্শ্ববর্তী বাড়ির ছাদগুলোতে ভিড় জমান স্থানীয়রা। আমিরও হাত নেড়ে ভক্তদের অভিবাদনের জবাব দেন। তবে অরিজিৎ ও আমিরের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
অবসরের সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ?
সংশ্লিষ্টদের মতে, কয়েক দিন আগে অরিজিৎ সিং চলচ্চিত্র বা প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণা দেন, যা তাঁর ভক্তদের মধ্যে বড় ধরনের হতাশা সৃষ্টি করেছে। বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা আমির খানের এই ঝটিকা সফরকে অনেকেই মনে করছেন অরিজিৎকে তাঁর অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করার অনুরোধ জানানো হতে পারে। এই আকস্মিক সাক্ষাৎ কি তবে কোনো নতুন সিনেম্যাটিক চমকের ইঙ্গিত, নাকি দুজন কিংবদন্তীর মধ্যে নীরব কোনো বিশেষ সমঝোতা—এ নিয়ে বিনোদন মহলে চলছে জোর জল্পনা।