আবেদন শুরুর তারিখ ঘোষণা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৮ম নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার আবেদন গ্রহণ কার্যক্রম ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থগিতাদেশের কারণ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত ২ ফেব্রুয়ারি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ প্রকাশ করা হয়। নতুন এই নীতিমালার আলোকে এনটিআরসিএর অনলাইন আবেদন প্ল্যাটফর্ম হালনাগাদের কাজ চলছিল। এই কারিগরি প্রস্তুতির জন্যই অনিবার্য কারণে ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
যেভাবে আবেদন করবেন প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এখন থেকে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের http://ngi.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটক ওয়েবসাইটে পাওয়া যাবে।