দেশের কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিস পরীক্ষার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার এক পরিপত্রের মাধ্যমে বোর্ড কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
ফল প্রকাশের আনুষ্ঠানিকতা বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টায় আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় পরীক্ষা মনিটরিং সেল, উপকমিটি এবং নিরীক্ষকরা উপস্থিত থাকবেন।
অনলাইনে ফল দেখার নিয়ম শিক্ষার্থীরা সহজেই ইন্টারনেটের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। হাইআ কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের রোল নম্বর প্রদানের মাধ্যমে ব্যক্তিগত রেজাল্ট শিট দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
মাদ্রাসা ও বোর্ড কর্তৃপক্ষের জন্য নির্দেশনা মাদ্রাসাগুলোর জন্য ফলাফল সংগ্রহের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট মাদ্রাসার অ্যাডমিনরা বোর্ডের নির্ধারিত 'HEMS' সফটওয়্যারে নিজস্ব আইডিতে লগইন করে পুরো মাদ্রাসার ফলাফল একসঙ্গে ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। একইভাবে বোর্ড অ্যাডমিনরাও তাদের অধীনে থাকা মাদ্রাসাগুলোর ফলাফল পর্যবেক্ষণ ও প্রিন্ট করার সুযোগ পাবেন।
পরীক্ষার পরিসংখ্যান উল্লেখ্য যে, চলতি বছরের দাওরায়ে হাদিস পরীক্ষা গত ২৭ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছিল। এ বছর মোট ২৫৯টি কেন্দ্রে ২৩ হাজার ৮৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী সংখ্যা ৮ হাজার ৬১৩ জন। কওমি মাদ্রাসার এই স্তরের সনদকে সরকার মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও অ্যারাবিক) সমমান প্রদান করেছে।